গাইবান্ধা সদর উপজেলায় পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহামিদ রুমন নিহত ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি এএইচএম রেজাউল করিম ছানা এবং তার ছেলে নাসিরুল আহসান আকিবকে। বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
৭ জুন রাতে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহামিদ রুমন নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিদ আহত হন। পরে নিহত রুমনের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার গাজীপুরের মাওনা থেকে বাবা-ছেলে দুজনকে গ্রেফতার করা হয়।

