সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলায় মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি মাহবুব আলম বলেন, প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মওলানার ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন বোনারপাড়া চারমাথা এলাকায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন। পরে হাসপাতালে নেওয়ার পথে সাইফুল্লাহর মৃত্যু হয়।

