কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে মাহমুদা আক্তার (২৮) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়িসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। জানা যায়, বুধবার সকালে রান্নার সময় চুলায় বেশি জ্বালানি ব্যবহার করাকে কেন্দ্র করে মাহমুদা আক্তারের সঙ্গে তার শাশুড়ির বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দিনভর পারিবারিক কলহ চলতে থাকে। মাহমুদার বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় তার মা আতরভান বেগম দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার দিকে এক শিশু কান্নাকাটি করলে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে এসে মাহমুদাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, বিয়ের সময় যৌতুকের কিছু টাকা বাকি ছিল।