বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের আলোচিত গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের। এর আগে ২০১৯ সালের ৩০ জুন রাতে কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন মোক্তার হোসেন। ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, এ মামলায় আসামি তার স্ত্রীকে নির্মমভাবে হত্যার বিষয়টি শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতো। শ্যালিকা বিষয়টি জানালে বড় বোন আফজুন বেগম প্রতিবাদ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন করত তার স্বামী। পরে ২০১৯ সালের ৩০ জুন রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

