বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত একমাসে দুই শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মহানগর পুলিশের চারটি থানায় এসব নেতাকর্মী গ্রেফতার হয়েছে। গত মাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল নগরীতে একাধিক মিছিল মিটিং করে সাবেক ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। ওই সময় মিছিল সমাবেশে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর ২০২৬ সালে বরিশাল নগরীতে মিছিল মিটিং শুরু করে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা। একাধিক সূত্র জানায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ কয়েকজন এসব গুপ্ত মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে রাতের আঁধারে গুপ্ত মিছিল করে নগরীতে আতঙ্ক ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
