চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খুটাখালীর দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। অভিযুক্ত ঘাতক আব্দুর রহিম নিহতের ছোট ভাই। স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, সকালে আব্দুর রহিম তাদের পৈতৃক ভিটার গাছপালা কেটে বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বড় ভাইকে খবর দেন। নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরিবারের নারী সদস্যদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যান। সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, অভিযুক্ত আব্দুর রহিমকে আটকে পুলিশের অভিযান চলছে।
