গুরুদাসপুরে ধর্মীয় অবমাননার অভিযোগ ওঠেছে শিমুল কর্মকার (২৪) নামে এক তরুণের বিরুদ্ধে। এ নিয়ে রোববার দুপুরে পৌর সদরের মহল্লাসহ থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত তরুণের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত তরুণ তার ফেসবুক পেজে মুসলমানদের পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর ছবি পোস্ট করেন। এ নিয়ে মুসলমানদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ক্ষোভ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আশরাফুল ইসলাম, ইমন ইসলাম ও স্বপ্নিল। বক্তারা অভিযুক্ত তরুণকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিমুল কর্মকারের বাড়ি গুরুদাসপুর থানার অদূরে পোস্ট অফিসসংলগ্ন। তার বাবা প্রয়াত নবীন কর্মকার। তবে তারা কেউ বাড়িতে থাকেন না।

প্রতিবেশী শম্ভ হালদার বলেন, শিমুলের বাবা পেশায় দর্জি ছিলেন। কয়েক বছর ধরে বাড়িটি তালাবদ্ধ থাকছে। মাঝে মধ্যে শিমুল বাড়িতে আসে আবার চলে যান। তার তথ্যমতে, শিমুল ঢাকায় থাকেন। গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, সম্ভাব্য সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।