ফেনীর সোনাগাজী উপজেলায় বড় ফেনী নদীতে জোয়ারের পানিতে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের আবুল কাসেম (৪৬)। তিনি মৃত আবদুল জব্বারের ছেলে।

শুক্রবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার এলাকায় বড় ফেনী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়।

নিহতের ভাই আবুল হাসেম জানান, আবুল কাসেম প্রায় তিন বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যান। বিশ্বম্ভরপুর থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা শুক্রবার বিকালে সুনামগঞ্জ থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।