মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদারের (৬৫) বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এই কলহের জেরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে আটক করেন।
তিনি জানান, এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








