কাতার থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাসির উদ্দিন। শনিবার রাত সাড়ে ৩টায় কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা ও আবু বকর হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থেকে কৌশলে দেশ ছেড়ে কাতারে যান বাসির উদ্দিন। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফিরতেই তাকে গ্রেফতার করা হয়। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
