কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ অপুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী অপু এবং সাব্বির গ্রুপের সংঘর্ষকালে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার অপু গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ওই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে পুলিশ। বুধবার লক্ষ্মীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। বুধবার বিকালে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, ২৪ জুন নগরীর শীর্ষ মাদককারবারি ও সন্ত্রাসী ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। পরদিন দুপক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান টিফিনের বিরতিতে স্কুল থেকে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর ইথানের বাবা বাদী হয়ে অপু-সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
