মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। ২ জুলাই বিকালে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৭, সদর কোম্পানি, চট্টগ্রাম ও সিপিসি-১, ফেনী ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানার লক্ষ্মীছড়ি উপজেলা পুরাতন ভবনের সামনে থেকে আরাফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরাফাত শরীফ ফুলঝুড়ির আলমগীর শরীফের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ভিকটিম ইউসুফ শরীফ (৩৫) এবং গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত আরাফাত শরীফ (৩০) উভয়ের বাড়ি ফুলঝুড়ি গ্রামে। পূর্ববিরোধের জের ধরে ২৪ মে ২০২৬ দুপুরে আরাফাত তার সহযোগীদের সহায়তায় ভিকটিম ইউসুফ শরীফকে ডেকে নিয়ে গ্রামের ফজলুল হক শরীফের বাড়ির উঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের বাবা ফজলুল হক শরীফ (৭৭) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।