মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে শিশু সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ করেছেন ওই নারী। বুধবার রাতে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই নারী। তার অভিযোগ, জমি কিনে দেওয়ার কথা বলে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই বিএনপি নেতা। পরে তাকে ও তার শিশুসন্তানকে জিম্মি করে ভয় দেখিয়ে জাল কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পাশাপাশি ১১ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। তবে অভিযুক্ত নিজাম উদ্দিন দাবি করেছেন, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পালটা দাবি করেন, ওই নারী তার তৃতীয় স্ত্রী এবং হানি ট্র্যাপের কারণে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন।

