নড়াইলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক আনোয়ার হোসেনকে (৩২) নির্যাতন করে হত্যার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা।
দুপুরের দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, আনোয়ার ছিলেন মানসিক ভারসাম্যহীন। ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের নিজ বাড়ি থেকে বের হন তিনি। এরপর সেদিন রাতে গোবরা এলাকায় তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরদিন সকালে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে যায় পরিবার। পরে ২৯ জুন শারীরিক অবস্থার অবনতি হলে আনোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আনোয়ারের বড় ভাই বাদী হয়ে আকাশ বিশ্বাসসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। বৃহস্পতিবার বিকালে আনোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
