চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সীরহাটের বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার রাতে বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই যুবক সেখানে ছিল। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি। ওসি ফয়েজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
