সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথরে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ খুঁজে পেয়েছেন স্থানীয় জেলে। শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে সাদাপাথর এলাকার রোপওয়ে বাংকারের কাছে ওই চিকিৎসকের লাশ খুঁজে পান জেলে রুবেল মিয়া। তিনি জানান, শুক্রবার সকালে তিনি মাছ মনে করে নিখোঁজ পর্যটকের চুল দেখতে পেয়ে এগিয়ে যান। পরে কাছে গিয়ে তার লাশ খুঁজে পেয়ে পর্যটন ঘাটে নিয়ে আসেন। এর আগে সুব্রত সাহা ৪ বন্ধুসহ ঢাকা থেকে সিলেটে ভ্রমণে আসেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ৩ জন সাদাপাথরে গোসলে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে যান। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সুব্রত সাহা নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পায়নি। ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, নিহত পর্যটকের পরিবার থানায় অপমৃত্যুর মামলা করেছে।