শেরপুরে ধানখেত থেকে আংশিক মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং ইজিবাইকচালক। জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের বটগাছের নিচে ধানখেতে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানান। ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, লাশের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পড়ে ছিল। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর তারা শুক্রবার লাশ উদ্ধারের খবর পান। ওসি মো. সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
