বরিশালের উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনের ওপর ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম শামসুল হক বলেন, ২০২৩ সালের ৩ মার্চ ওই শিশুকে ধর্ষণ করে আলমগীর। এর আগেও ঘটনার ৫-৬ মাস আগে থেকে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে একটি সন্তানের জন্ম হয়।

ভুক্তভোগীর বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২১ মে উজিরপুর থানায় মামলাটি নথিভুক্ত হয়।